চকরিয়া হারবাংয়ে স্বামীর মারধরে হুসনারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। কাট্টলি এলাকায় বুধবার সন্ধ্যায় এই গৃহবধূ মারা যান। তার ৮ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় স্বামী এমরানকে আটক করেছে পুলিশ। এমরান ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুসনারা বেগমের স্বামী মো. এমরানের সঙ্গে মঙ্গলবার রাতে রান্না করা তরকারি নষ্ট হওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে মারধরের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় আহত স্ত্রী হুসনারা বেগমকে স্থানীয় আজিজনগর এলাকায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, পিটিয়ে আহত করার পরদিন হুসনারা নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। গৃহবধূর মাথার দুপাশে ফুলা জখম রয়েছে বলে তিনি জানান। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী এমরানকে আটক করেছে পুলিশ।