আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বাস চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার রান্ধুনী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আরবি (৬)। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল এবং মাদ্রাসা শেষে বাড়ি ফিরছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা একটি বাস ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস চালক জামাল প্রায়ই মাদক সেবন করে গাড়ি চালাত। তার বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে তাদের অভিযোগ।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এতে আমাদের কয়েকজন সদস্যও আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল সচল আছে।”
ঘটনার পরপরই চালক জামাল বাস ফেলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।