বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, নিউইয়র্কে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি। তিনি বলেন, এ নিয়ে যেসব প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া অপপ্রচার।
রিজভী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন জাতীয় নেতা। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের সভায় যোগ দিতে নিউইয়র্কে গিয়েছিলেন। অথচ তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
বুধবার সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গেলে সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ কথা বলেন।
তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার যদি দক্ষতার পরিচয় দিতে পারত, তাহলে ফ্যাসিবাদের দোসররা এ ধরনের কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকারের নিষ্ক্রিয়তার কারণেই এসব দোসরের প্রেতাত্মারা দেশে যেমন সক্রিয় হচ্ছে, তেমনি বিদেশের মাটিতেও অপকর্ম চালাচ্ছে।