আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা দেশে ভোট বাধাদানের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
শামীম হায়দার বলেন, “আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে তারা ভোট ঠেকানোর জন্যই প্রস্তুতি নিচ্ছে। এটা স্বাভাবিক, কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে।”
ভোটারদের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে ধারণা করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে জাতীয় পার্টি ভোট পাবে। তবে এটিকে তিনি ভুল ধারণা আখ্যা দেন। তার মতে, একতরফা ভোট হলে আওয়ামী লীগ সেই ভোটকেও দমন করবে। তারা আরেক দলের পক্ষে ভোট বাড়াতে দেবে না।
অতীতের অভিজ্ঞতা তুলে ধরে শামীম হায়দার বলেন, “বাংলাদেশে অতীতে যত একতরফা নির্বাচন হয়েছে, সেখানে যারা অংশ নেয়নি বা বাদ পড়েছে, তাদের ভোট দেয়ার সুযোগও বাধাগ্রস্ত হয়েছে।”
দলীয় সক্ষমতা নিয়েও তিনি খোলামেলা মন্তব্য করেন। তিনি স্বীকার করেন, জাতীয় পার্টি বর্তমানে খুব শক্তিশালী অবস্থানে নেই। তার ভাষায়, “আমাদের নিজেদের সংগঠন গোছাতে হবে, শক্তি বাড়াতে হবে এবং ভোট বাড়াতে হবে।”
রাজনৈতিক মহলে শামীম হায়দারের এই বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় পার্টি একদিকে নিজেদের দুর্বলতা স্বীকার করছে, অন্যদিকে আওয়ামী লীগের সম্ভাব্য কৌশল নিয়ে জনগণকে সতর্ক করছে।