বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান প্রশ্ন তুলেছেন, ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব কেন গেলেন, যেখানে জামায়াতের আমিরও যাননি। নিউইয়র্ক সফরে বিএনপি মহাসচিবসহ রাজনীতিকদের অংশগ্রহণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বিষয়টি মানুষ ইতিবাচকভাবে নেয়নি।
ফজলুর রহমান বলেন, সারা দেশে গুঞ্জন উঠেছে এবং মানুষ এ সফরকে ভালোভাবে দেখছে না। তিনি দাবি করেন, ড. ইউনূস একসময় জনপ্রিয় ছিলেন, কিন্তু বর্তমানে তার ভাবমূর্তি তলানিতে নেমে গেছে। তিনি মন্তব্য করেন,
“এই দুর্নামের বোঝা কেন বিএনপিকে নিতে হবে? মহাসচিব কেন যাবেন? জামায়াতের আমির বা মহাসচিব তো যাননি।”
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি মহাসচিব এমন এক ব্যক্তির (এনসিপির সদস্য সচিব আখতার হোসেন) সঙ্গে একই প্রোটোকলে গেলেন যার দল এখনো নিবন্ধিতও নয়। এনসিপির এমন এক নেতার সঙ্গে কেন বিএনপি মহাসচিবকে যেতে হলো, সে প্রশ্নও তিনি তোলেন।
ফজলুর রহমান কঠোর ভাষায় বলেন, এতে মানুষ মনে করছে বিএনপি কি এতটাই অসহায় হয়ে গেছে যে না গেলে যেন ক্ষমতায় যাওয়া অসম্ভব। তিনি বলেন, “মানুষ ভাবে, বিএনপি যেন হাত পেতে দয়া চাইছে। কিন্তু রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল বিষয়, আর ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনে।”