যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং অশালীন স্লোগান দেওয়া হয়।
ঘটনার পর ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। তাই কারও ভাঙা ডিমে কিছুই আসে যায় না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতেও এ ধরনের আক্রমণ করেছে। দেশেও আমরা তাদের হামলার লক্ষ্যবস্তুতে থেকেছি, কিন্তু এতে আমরা ভয় পাইনি।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সব সময় সন্ত্রাসী রাজনীতি করেছে। তবে বাংলাদেশের মানুষ আগেও তাদের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধা করেনি, সামনেও করবে না। আখতার বলেন, “বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সন্ত্রাস প্রতিহত করবে। তারা আর দেশে ফিরে এসে আগের মতো আধিপত্য বিস্তার করতে পারবে না।”
বিমানবন্দরে হামলার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করে।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপির কর্মীরা তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতায় তারা বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
হামলার প্রতিবাদে আখতার হোসেন ও তার সমর্থকরা স্লোগান দেন— “ওয়ান টু থ্রি ফোর, ফ্যাসিবাদ নো মোর”, “ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ”, এবং “শেখ হাসিনার বিচার চাই, গণহত্যার বিচার চাই।”
ঘটনার পর আখতার হোসেন জানান, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের দমাতে পারবে না। বরং এ ধরনের হামলা তাদের রাজনৈতিক আন্দোলনকে আরও দৃঢ় করবে।