বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লাকে আলাদা বিভাগে রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন। তিনি স্পষ্ট করে বলেন,
“কুমিল্লাকে বিভাগ করতেই হবে। প্রশাসনিক প্রয়োজনেই করতে হবে এবং কুমিল্লার বাইরে অন্য কোনো নাম কুমিল্লাবাসী কোনোভাবেই মেনে নেবে না।”
সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই দাবি উত্থাপন করেন।
খোন্দকার মোশাররফ বলেন,
“কুমিল্লাবাসী ইতোমধ্যেই অন্য যেকোনো নাম প্রত্যাখ্যান করেছে। কুমিল্লায় বিভাগ চাই—এটাই সবার অভিন্ন দাবি। এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করার জন্য একটি শক্তিশালী প্রতিনিধিদল যাবে। সেই লক্ষ্যে একটি কমিটি গঠন করুন। ব্যক্তিগতভাবে আমি সর্বাত্মক সহযোগিতা করব।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “সব প্রচেষ্টার পরও যদি অন্তর্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তবে আশ্বস্ত করছি—আগামী জাতীয় নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ যদি সে সুযোগ দেন, তবে সরকারে গিয়ে দ্রুত কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ।”
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি এবিএম শাহজাহান, নাগরিক পরিষদ কুমিল্লার সভাপতি ড. শাহ মোহাম্মদ সেলিম, বি-বাড়িয়া জেলা বিএনপির সভাপতি এনামুল হক বাবলু, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দীনসহ অন্যরা।