দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটারজুড়ে বেড়া তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে। স্থানীয় সূত্র জানায়, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিরামপুর সীমান্তের ২৯১/২৯ এস বাংলা পিলার থেকে মাত্র ১০ গজ দূরে বাঁশ দিয়ে এই বেড়া নির্মাণ করা হয়।
বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানানো হয়। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা জানান,
“রাতের আঁধারে বিএসএফ বেড়া নির্মাণ করেছে। ইতোমধ্যে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত এ বেড়া অপসারণ করা হবে।”
স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকায় এ ধরনের বেড়া নির্মাণ স্পষ্টতই আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন। কারণ সীমান্ত এলাকায় যেকোনো স্থাপনা নির্মাণের আগে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসএফের এ পদক্ষেপকে তারা উসকানিমূলক বলে অভিহিত করেছেন।
এই ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষও শঙ্কিত হয়ে পড়েছে যে এ ধরনের একতরফা পদক্ষেপ ভবিষ্যতে বড় ধরনের বিরোধের জন্ম দিতে পারে। বিজিবি জানিয়েছে, কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে এ সমস্যার দ্রুত সমাধান করা হবে।