আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো “JKKNIU Business Review” শিরোনামে একটি ডাবল-ব্লাইন্ড পিয়ার-রিভিউড গবেষণা জার্নাল প্রকাশিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ‘JKKNIU Business Review’–এর প্রথম সংখ্যা (ভলিউম–১, সংখ্যা–১, জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্নালটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জার্নালের সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম।
জার্নালটির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং নির্বাহী সম্পাদক হিসেবে ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. রাজু আহমেদ।
সম্পাদনা পরিষদে ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোহেল রানা, একই বিভাগের প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আমিন,
সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মোমেন। বহিরাগত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন।
উল্লেখযোগ্য বিষয় হলো, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। মোট ১২টি গবেষণা প্রবন্ধ অন্তর্ভুক্ত এই জার্নালের মূল্য নির্ধারণ করা হয়েছে দেশীয় পাঠকদের জন্য ৩০০ টাকা এবং বিদেশি পাঠকদের জন্য ৫ মার্কিন ডলার।