রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান অভিযোগ করেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্গঠন করার পরিকল্পনা করেছেন তার সন্তান সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে সামনে রেখে। বিবিসি বাংলার একটি প্রতিবেদন উদ্ধৃত করে এবং নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেন।
ড. জাহেদ বলেন, শেখ হাসিনার পরিকল্পনা ছিল আরও পাঁচ বছর ক্ষমতায় থেকে পুতুলকে প্রস্তুত করা, যাতে ভবিষ্যতে তিনি দায়িত্ব নিতে পারেন। পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ছিলেন। তবে সম্প্রতি তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে, কার্যত ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে শেখ হাসিনার পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে বলেই মন্তব্য করেন তিনি।
তার দাবি, এখন যেহেতু পুতুল ফ্রি, তাই জয় এবং পুতুলকে সামনে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা হবে। যদিও দীর্ঘদিন ধরে জয়কে সামনে আনার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তার রাজনৈতিক ভূমিকা কার্যকর হয়নি। জাহেদ বলেন,
“জয় উদ্ভট ও হাস্যকর কাণ্ড ছাড়া তেমন কিছু করতে পারেননি। এখনও তিনি সোশ্যাল মিডিয়ায় যা বলেন বা লেখেন, তা প্রমাণ করে তিনি স্টুপিড। প্রশ্ন হলো, এমন একজনকে দিয়ে দল পুনর্গঠন কিভাবে সম্ভব?”
ড. জাহেদ আরও মন্তব্য করেন, শেখ হাসিনা এখন প্রকৃত সমস্যায় পড়েছেন। তার সন্তানরা যদি সামনে আসেন, জনগণের সঙ্গে যোগাযোগ ও আস্থার সম্পর্ক তৈরি করা কঠিন হবে। তার মতে,
“একটা দলকে বড় করে তোলা এবং ভবিষ্যতে জনগণের সঙ্গে কানেক্ট হতে শেখ হাসিনার সন্তানরা কোনোভাবেই পজিটিভ নয়।”
তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব প্রশ্নে এমন প্রকাশ্য সমালোচনা আবারও দেখিয়ে দিলো, শেখ হাসিনার উত্তরসূরি নিয়ে দলের ভেতরে ও বাইরে অনিশ্চয়তা ও অসন্তোষ কতটা গভীর।