রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান স্পষ্ট করে জানিয়েছেন, তাকে ব্ল্যাকমেইল করে কিছু বলানো বা করানো হচ্ছে—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে—এমন দাবি সর্বৈব মিথ্যা। এর মাধ্যমে আমার এক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে নানা মহল থেকে। ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই।”
নিজের ব্যক্তিজীবন নিয়ে গুজব-অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি জানান, তার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে যেসব মন্তব্য করেছেন, সেগুলো নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানানোকে তিনি অরুচিকর মনে করেন। তিনি স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলার কোনো অভ্যাস তার নেই এবং এ বিষয়ে কোনো বক্তব্যও দেবেন না।
এদিকে জাহেদ উর রহমান আরও জানান, ১৭ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে স্ত্রী আনা নাসরিনকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন। তবে এ সিদ্ধান্ত নতুন কোনো ঘটনার কারণে নয়, বরং দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক পরিস্থিতির ফল হিসেবে এসেছে। তিনি জোর দিয়ে বলেন,
“তার কোনো সাম্প্রতিক বা ভবিষ্যৎ কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
আনা নাসরিনের প্রসঙ্গে তিনি জানান, তার সর্বাঙ্গীন মঙ্গল ও সফল জীবন তিনি আন্তরিকভাবে কামনা করেন। তবে তার ব্যক্তিগত বা পারিবারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে যে ধরনের রাজনৈতিক অপপ্রচার বা সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, সেটিকে তিনি চরম উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন। রাজনৈতিক মহল এবং সংশ্লিষ্ট চক্রগুলো তার এক্টিভিজম দুর্বল করার জন্য এই ধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।