সানজিদা খানম ঊর্মি, গবি
দীর্ঘ সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ভোটগ্রহণের দিন পুরো বিশ্ববিদ্যালয় এলাকা থাকবে কড়া নিরাপত্তার আওতায়। মোতায়েন থাকবেন পুলিশ, র্যাব, আনসার ও এনএসআই–সহ ৩৫০ জন নিরাপত্তা সদস্য, পাশাপাশি সেনাবাহিনী কাজ করবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। গঠন করা হবে কুইক রেসপন্স টিমও।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ও শৃঙ্খলা কমিটি সাংবাদিকদের এ তথ্য জানায়।
নির্বাচন কমিশনের মুখপাত্র ড. ফুয়াদ হোসেন জানান, তফসিল অনুযায়ী মোট ১৩টি ধাপের মধ্যে ১১টি সম্পন্ন হয়েছে; এখন কেবল ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ বাকি। তিনি বলেন, ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাসকে ঘিরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান রিটার্নিং অফিসার জানান, সর্বমোট ১৯টি কেন্দ্রে বিভাগভিত্তিকভাবে ভোটগ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার এবং চারজন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন, যেখানে দুইজন থাকবেন স্ব বিভাগের এবং বাকিরা অন্য বিভাগের। প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ ও গণনার তদারকির জন্য থাকবেন একজন কর্মকর্তা। ভোট শেষে প্রতিটি কেন্দ্রে ম্যানুয়ালি গণনা করে কমিশন ফলাফল প্রকাশ করবে।
প্রতিটি ভোটারকে আইডি কার্ড ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ভোটার তালিকায় নাম শনাক্তের পর স্বাক্ষর দিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে ভোট দিতে হবে।
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা, যার সরাসরি সম্প্রচার দেখানো হবে কেন্দ্রের বাইরে বড় পর্দায়। শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা সেখান থেকে ভোটগ্রহণের পরিবেশ পর্যবেক্ষণ করতে পারবেন।
শৃঙ্খলা কমিটির প্রধান মো. শাহ্ আলম জানান, নির্বাচনের দিন ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা বজায় থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্রীয় আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক উপস্থিত থাকবে।
প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম বলেন, “তফসিল অনুযায়ী অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। ভোটের দিন সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ ও গণনা চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটগ্রহণ।