নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
একদিন না যেতেই নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে আবারও সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রান হারিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বীরগাঁও সাতপাড়া গ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি চালালে এই নিহতের ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফেরদৌসী আক্তার (৩৫)। তিনি আলোকবালী ইউনিয়নের সাতপাড়া গ্রামের রায়েস আলীর স্ত্রী। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারসহ রাজনৈতিক অবস্থান গড়তে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার সকালে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহতসহ আরও বেশ কয়েকজন আহত হন।
এই ঘটনার রেশ ধরেই শুক্রবার দুপুরেও এলোপাতারি গুলি ছোড়ে অবস্থান জানান দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফেরদৌসী আক্তার। পরে এলাকাবাসীর প্রতিরোধের ফলে পিছু হটে সন্ত্রাসীরা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার একই এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হন। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে সদর হাসপাতালে গেলে সন্ত্রাসীরা যুমনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খানের উপরও হামলা চালায়।