ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন,
“আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসনও দেখেছি। কিন্তু এই দেশের ৯২ ভাগ মানুষ মুসলমান হয়েও ইসলামী শাসন দেখতে পায়নি। এখন দেশের মানুষ অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য।”
বুধবার বিকালে রাজধানীর উত্তরার শহিদ মুগ্ধমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
চরমোনাই পীর বলেন, বাংলাদেশে আজ অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে। এ আগুন নেভাতে হলে হাতপাখার বাতাস দিয়েই দেশকে ঠান্ডা করতে হবে। তিনি ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণ মেধাবীরা ক্ষমতালোভীদের শিক্ষা দিয়েছে।
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন নিয়ে তিনি বলেন, যারা দেশে খুন, গুমের রাজনীতি চালাচ্ছে তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের মানসিকতা তৈরি না করলে জাতীয় নির্বাচনেও তারা কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে।
গণসমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তিনি ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনকে সামনে এনে হাত উঁচু করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।