জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ ও র্যাব-১ এর যৌথ অভিযানে বরগুনার তালতলী উপজেলার টিকটকার আবু মুসা শিকদার (২৩) কে গ্রেফতার করা হয়। এসময় তার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। বুধবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার আমতলী উপজেলার বগীরহাট এলাকার জালাল শিকদারের ছেলে আবু মুসা টিকটকের মাধ্যমে ওই স্কুলছাত্রীর সাথে পরিচিত হয়। পরে মুসা কাউখালীতে এসে একাধিকবার তাকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে। বিষয়টি পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে মুসাকে সতর্ক করা হয়। এরপর মুসা বিয়ের প্রস্তাব দিলে বয়স কম হওয়ায় পরিবার তা প্রত্যাখ্যান করে।
পরবর্তীতে গত ২ জুন কাউখালী শহরের বেইলি ব্রিজ এলাকায় যাওয়ার পথে মুসা ও তার সহযোগীরা জোরপূর্বক কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামলার পর থেকে আমরা বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীকে শনাক্ত করি। শেষ পর্যন্ত র্যাবের সহযোগিতায় ঢাকায় অভিযান চালিয়ে আবু মুসাকে গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হই।