সোহেল রানা,সিংগাইর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৭৭টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রত্যেক পূজা মণ্ডপে তার মা শ্রীমতি গীতা রায় দুর্গোৎসবের ব্যানারে ২০ হাজার টাকা করে এই সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে সিংগাইর পৌর শহরের আঙ্গারিয়াস্থ গীতা রায় ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রথিন্দ্রনাথ দত্তের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী,
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, থানার ওসি জে.ও.এম তৌফিক আজম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রানী সাহা।
পরে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায় উপজেলার ৭৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম শ্যামল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয় গোপাল শীল, সাধারণ সম্পাদক শ্যামল সরকার, অমিত রায়সহ রায় পরিবারের সদস্য এবং উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।