সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
গত পাঁচ দিন পূর্বে ভুয়া ডাক্তার হারুন অর রশীদকে নিয়ে সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর মহিপুরে প্রতারণার অভিযোগে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহিপুর বন্দরের এশিয়া ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।
কলাপাড়া উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হারুন অর রশীদ গত ছয় বছর ধরে নিজেকে দাঁতের ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। প্রতিদিন তিনি রোগীদের কাছ থেকে তিন থেকে পাঁচশ টাকা পর্যন্ত ভিজিট চার্জ নিতেন।
এছাড়া অভিযোগ রয়েছে, দাঁতের চিকিৎসক না হয়েও চোখের রোগীদেরও চিকিৎসা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর এক শিশুকে চিকিৎসা করাতে গিয়ে অভিভাবকরা প্রতারণার শিকার হন। সাইনবোর্ডে দেওয়া নম্বরে ফোন করলে প্রথমে আব্দুল হাকিম পরিচয় দেন, পরে কিছুক্ষণ পর হারুন অর রশীদ এসে রোগী দেখেন। এই ঘটনার পর এলাকায় ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার জানান, আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তারকে থানায় নেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন হারুন অর রশীদ। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আগামীতে কলাপাড়া উপজেলায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। এছাড়া যেসব ডায়গনিস্টিক সেন্টারের লাইসেন্স বা অনুমোদিত কাগজপত্র থাকবে না, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।