বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু আসন বেশি পাওয়ার লোভে যদি কেউ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন দাবি করে, তবে তা জাতীয় জীবনের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে।
মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচন একটি পরীক্ষিত ব্যবস্থা। এর বাইরে গিয়ে পিআর পদ্ধতির মতো অবাস্তব কোনো প্রক্রিয়া চাপিয়ে দেওয়ার চেষ্টা জাতির জন্য ক্ষতিকর হবে।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব নেই। তবু রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে বিএনপি রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করবে।
জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ করার দাবির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভবিষ্যতে ভয়ংকর দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। যদি নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করতে হয়, তবে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকেই নিষিদ্ধ করতে হবে। তখন প্রশ্ন উঠবে, নির্বাচন কাদের নিয়ে হবে? এতে জাতীয় ঐক্য নষ্ট হবে এবং পতিত শক্তিগুলো সুযোগ নেবে।
তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। এ ধরনের বিষয়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত হওয়া উচিত। নির্বাহী ক্ষমতা ব্যবহার করে দল নিষিদ্ধের পথ খোলা মানে ভবিষ্যতের জন্য অরাজকতা তৈরি করা।
সালাহউদ্দিন আহমদ সতর্ক করে বলেন, সঠিক সময়ে নির্বাচন করে স্থিতিশীল সরকার গঠন না করতে পারলে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। সংসদের মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে, তবে এমন কোনো প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না যা ভবিষ্যতে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলার জন্ম দেবে।
তিনি আরও বলেন, আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান সম্ভব। জোরজবরদস্তি করে রাজনৈতিক প্রক্রিয়া ধ্বংস করার চেষ্টা হলে তা দেশের জন্য ক্ষতির কারণ হবে।