বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন। আজ সন্ধ্যায় জাকসুতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেয়া ছিল হত্যাযোগ্য। এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।
তিনি আরও লিখেছেন, কারও প্রতি আমাদের কোনো অনুযোগ ও বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।
গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ বলেও জানান তিনি।
এবারের জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ সংখ্যাগরিষ্ঠ পদে জয় লাভ করেছে। তারা সাধারণ সম্পাদক (জিএস) এবং দুই যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ২০টি পদে বিজয়ী হয়েছে।
শবিবার জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু। নির্বাচনে তিনি ৩ হাজার ৩৩৪টি ভোট পেয়েছেন।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির প্যানেল সমর্থিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম ও এজিএস পদে (পুরুষ) ছাত্রশিবির প্যানেলের ফেরদৌস আল হাসান নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে মাজহারুল পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট আর ফেরদৌস ভোট পেয়েছেন ২ হাজার ৩৫৮টি।
একই প্যানেলের প্রার্থী মেঘলা ৩ হাজার ৪০২ ভোট পেয়ে এজিএস (নারী) পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের মালিহা নামলাহ পান ১ হাজার ৮৩৬ ভোট এবং ছাত্রদলের আঞ্জুমান আরা ইকরা পান ৭৬৪ ভোট।
গত ১১ সেপ্টেম্বর জাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ৪৪ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।