জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এই সংবিধানটা বদলাতে হবে। এই সংবিধানটা ‘৭২ সালের সংবিধান। এই সংবিধানটা আমরা করি নাই। এই জেনারেশন করে নাই।
এই জেনারেশন মতামত দেয় নাই। এই সংবিধানটা এই জেনারেশনের সাথে যায় না। এটা আউটডেটেড হয়ে গেছে। সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।
তুষার বলেন, আমরা যখন টিশার্ট পড়ি, সেই টিশার্টটা যখন একেবারে ত্যানা হয়ে যায় তখন আমরা বলি এটা ফেলে দিব। এই সংবিধানও ফেলে দেওয়ার মত একটা অবস্থায় আছে। এইটাকে অনেকে বলেন মরহুম সংবিধান। এই মরহুম সংবিধানটাকে এক ধরনের জিয়ে রাখা হইছে।
সারোয়ার তুষার বলেন, ছাত্রদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে। তারা ছাত্রদের সাথে প্রতারণা করেছে। কিভাবে প্রতারণা করেছে? পাকিস্তান আমলে সামরিক সৈরাচারের বিরুদ্ধে, আইয়ুবের বিরুদ্ধে এই দেশের ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছিল। আইয়ুবের পতন ঘটিয়েছিল কারা? ছাত্ররা। এরপর এরশাদের পতন ঘটিয়েছিল কারা? ছাত্ররা।
ছাত্র মানে নির্বাচিত ছাত্র সংসদ। তখন ডাকসু ছিল। সমস্ত ছাত্র সংসদ নির্বাচন হত। তুষার আরো বলেন, ’৯০ সালের পরে নির্বাচিত সরকার, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে তারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে।
ক্যাম্পাসে একদিকে তারা ছাত্র রাজনীতি বন্ধ করেছে অন্যদিকে তারা ক্যাম্পাসে ক্যাডার রাজনীতি শুরু করেছে। কোমলমতী ছাত্রদেরকে তারা সন্ত্রাসী বানিয়েছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। ছাত্রদের দিয়েই ছাত্রদেরকে ঘায়েল করেছে।