নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট উল্টে এক নারী ও তিন শিশু সহ ৪জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল পৌনে তিনটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫), সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের জন্যে শুক্রবার বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা গ্রামে যাওয়ার কথা ছিল। বরযাত্রী যেতে ভাড়ায় চালিত একটি স্পিডবোট ভাড়া করে বিয়ে বাড়ীর লোকজন।
রওয়ানা দেয়ার কিছুটা আগে বাড়ির সামনে হাওরে ঘুরাঘুরি করতে স্পিডবোটে বের হন ১৫জন বরযাত্রী। এসময় হাওরের ধনু নদ দিয়ে বিপরীত দিক থেকে যাওয়া পণ্যবাহী একটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে উল্টে যায় স্পীড ভোটটি। এতে ৪জন নিখোঁজ হন আর ১১ জন সাতরে তীরে উঠেন।
গাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন জানান, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত এ স্পিডবোটটি আনা হয়েছিল। তারপর এ বোটে বরযাত্রী রওনা হবার আগ মূহুর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন স্বজন মিলে ঘুরতে বের হবার পর এ ঘটনা ঘটে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান জানান, ঘটনার পর পর স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালান।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা উদ্ধারের জন্যে আসছে।