আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘EDGE (Enhancing Digital Governance) Digital Skills Training Program-2025’ এর সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের নিচ তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও প্রশিক্ষণ কিট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সুজন আলী।
প্রধান অতিথি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, “প্রথমেই আমি দেশের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ প্রোগ্রামের সফলতা কামনা করছি। এই প্রোগ্রামের মাধ্যমে তরুণসমাজ অদক্ষ থেকে দক্ষ এবং দক্ষ থেকে অতি দক্ষ জনবল হিসেবে গড়ে উঠছে।
সরকারের অন্যতম লক্ষ্য হলো এই প্রোগ্রামের মাধ্যমে অর্জিত ডিজিটাল দক্ষতা কাজে লাগিয়ে দেশের জিডিপি বৃদ্ধি করা। তোমরা যে দক্ষতা অর্জন করেছো তা দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে সহায়তা করবে।”
তিনি আরও বলেন, “আমি আশা করি সরকার এই প্রোগ্রামকে থামিয়ে না দিয়ে আরও সম্প্রসারণ করবে, যাতে দেশের অদক্ষ জনগোষ্ঠী ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ অব্যাহতভাবে পায়।
সেইসাথে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতি আহ্বান থাকবে, যাতে ত্রিশাল ও ময়মনসিংহবাসীও এই প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হতে পারে।” বক্তব্যের শেষে তিনি প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকলের জন্য শুভকামনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে দেশের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এই প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে মোট ২৯টি ব্যাচের ৭২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
তবে সমাপনী অনুষ্ঠানে ২১টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। এর আগে গত মাসে আনুষ্ঠানিকভাবে ৮টি ব্যাচের শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়েছিল। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে মাইক্রোসফট অফিস প্যাকেজ, বেসিক প্রোগ্রামিং উইথ পাইথন, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ পরিচালিত হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদপত্রের পাশাপাশি একটি ব্যাগ, নোটবুক ও কলম উপহার দেওয়া হয়।