বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রাম থেমে নেই, এটি অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণ এই লড়াই চালিয়ে আসছে এবং যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন যুদ্ধ চলবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া স্কুল মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মুখে কর্মীদের রেখে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। ফরিদপুর-২ আসনে বিনাভোটের এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন।” তিনি দাবি করেন, এতে কোনো সমস্যা নেই, কারণ বিএনপির রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।
নিজ এলাকার রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের সালথা-নগরকান্দায় আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান দলমত-নির্বিশেষে কাউকে ফেলে যাননি। আমি তার সন্তান হিসেবে আমার দায়িত্ব সবার পাশে থাকা। যে যেই ধর্ম বা দলেরই হোক না কেন, আমি তাদের দেখভালের চেষ্টা করব।”
সভায় তিনি আরও বলেন, বিএনপি হলো দেশের একমাত্র রাজনৈতিক দল, যার কাছে গণতন্ত্র নিরাপদ। বর্তমান সময়ে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করার একমাত্র শক্তি বিএনপি বলেও দাবি করেন তিনি।
সালথা উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন মাতুব্বর, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এবং যুবদল নেতা তৈয়বুর রহমান তৈয়ব প্রমুখ।
স্থানীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় বক্তারা সরকারের সমালোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।