মুন্সিগঞ্জ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে নতুন করে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তার দাবি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কুচক্রী মহল তৎপর হয়ে উঠবে এবং জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা করবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে নদীভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও কার্যকর নদীশাসনের দাবি তোলা হয়।
রিপন বলেন, “নদীভাঙন রোধে সরকার কেবল বালুর বস্তা আর ব্লক ফেলায় সীমাবদ্ধ থেকেছে। এতে কোনো সুফল আসে না, বরং দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। ফলে বছরের পর বছর টঙ্গীবাড়ী, লৌহজংসহ আশপাশের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, “পদ্মা-মেঘনায় অপরিকল্পিত বালু উত্তোলনের প্রভাব সরাসরি ভাঙন এলাকায় পড়ছে। বাঁধ নির্মাণের কাজ ধীরগতিতে চলছে, যা এলাকাবাসীর ক্ষোভ বাড়িয়েছে। বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে পদ্মাতীরে মেরিন ড্রাইভ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
সরকারের সমালোচনা করে রিপন বলেন, এক বছরেরও বেশি সময় ধরে দেশে কোনো নির্বাচিত সরকার নেই। এজন্য জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি পানিসম্পদ উপদেষ্টা পর্যন্ত ভাঙনকবলিত এলাকায় আসেননি।
এ সময় তিনি অবৈধ বালু উত্তোলন, মাদক ব্যবসা ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
মানববন্ধনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষও অংশ নেন।