আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যঙ্গ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা এক জায়গায় ‘জয়’ বলার পর দেড় মাইল গিয়ে ‘বাংলা’ উচ্চারণ করে। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের, আর এ কারণেই আজ তাদের রাজনীতি দোদুল্যমান অবস্থায় দাঁড়িয়ে আছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগ যেন আর দাঁড়াতে না পারে, সেই রাজনীতিই আগামীর নেতৃত্ব দেবে। দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, নির্বাচনের মধ্য দিয়েই দেশে স্থিতিশীলতা আসবে। “একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, যা সংসদীয় কাঠামোর মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে। আগামী জাতীয় নির্বাচন সেই পথেই দেশকে এগিয়ে নেবে।”
২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে অথবা তারও আগে জাতীয় নির্বাচন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “কেউ কেউ কাঁটা বিছানোর চেষ্টা করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের প্রতি আমার নসিহত— দেশ এখন নির্বাচনী আবহে রয়েছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।”
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গেও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন নির্বাচন নিশ্চিত হবে, আর বিএনপির নির্বাচনী কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণাই নির্বাচনের মূল বিষয়, আর তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনটি হবে অবিস্মরণীয় ও ঐতিহাসিক।”
জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বড় কোনো ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিলে নির্বাচন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি হবে। তিনি জানান, জুলাই ঘোষণাপত্রে সবাই স্বাক্ষর করবে এবং তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া প্রতিটি দল তাদের নির্বাচনী ইশতেহারেও ঐকমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে।