মুন্সিগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হোমনা-মেঘনা নির্বাচনী আসন রক্ষা কমিটি।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় মানববন্ধনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। পরে “দাবি মোদের একটাই, হোমনা-মেঘনা আসন চাই” স্লোগানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ে। খবর পেয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা এবং গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের অনুরোধে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ান।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সরকার জনগণের আবেগ-আকাঙ্ক্ষা উপেক্ষা করে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা পাশাপাশি এবং যাতায়াত ব্যবস্থাও একই পথ দিয়ে হওয়ায় কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন বহাল রাখার দাবি জানান তারা।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন,
“এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের কিংবা ব্যক্তির বিরুদ্ধে নয়। এটি হোমনা-মেঘনার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বিষয়। আমরা আশা করি, সরকার মানুষের প্রত্যাশাকে সম্মান জানাবে।”
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হোমনা-মেঘনা আসনের নাগরিক সমাজ, আসন রক্ষা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন।