আমজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের কাদরা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মো. মফিজুর রহমান। সমাবেশে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হাসানের পরিচালনায় পৌর বিএনপির সাবেক সদস্য সচিব কামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. মফিজুর রহমান বলেন, “বিএনপি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী।
দেশ আজ এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে সেনবাগের মানুষ আগামীতে কাকে এমপি হিসেবে দেখতে চায় সেটা এখন স্পষ্ট হয়ে গেছে। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ কষ্ট করে যারা আজকে সমাবেশে এসেছেন। তবে মনে রাখবেন আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না।
সেনবাগের কোন বেইমান কে আমরা কোন জায়গা দেব না। তারেক রহমান সেনবাগের বিষয়ে সব কিছু জানেন। আমি অবাক হয়েছি আমার চেয়েও বেশি তথ্য ওনার কাছে আছে। আন্দোলন সংগ্রাম স্মরণকালের ভয়াবহ বন্যায় আপনাদের পাশে আমি ছিলাম ভবিষ্যতে বাকি জীবন কাটিয়ে দিতে চাই। ইনশা আল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে”
এসময় সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, বিএনপি নেতা ভিপি ওমর ফারুক, মির্জা মো. সোলাইমানসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। শোভাযাত্রা ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেন। দলীয় নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।