বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এনসিপির পঞ্চগড় জেলা শাখা আয়োজিত ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান’ শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম চলমান। এ কারণে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারাতে শুরু করেছে। তিনি ঘোষণা দেন, চোর, বাটপার, চাঁদাবাজ বা হুমকিদাতা যেই হোক না কেন— তাদের নাম-পরিচয়সহ তালিকা প্রকাশ করা হবে। “বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না,” দৃঢ় কণ্ঠে বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ছাত্রদল এখন স্কুল পর্যায়ে কমিটি গঠন করছে, যা শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো স্কুল-কলেজে রাজনীতির নামে নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশ রক্ষায় এনসিপি সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।
সারজিস আলম জোর দিয়ে বলেন, এনসিপির প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি বা অন্য কোনো দল যদি ভালো কাজ করে, এনসিপি তাদের সম্মান জানাবে। তবে জনগণকে কষ্ট দেওয়া কোনো অপকর্ম হলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
তিনি অভিযোগ করেন, পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন। দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারী ও তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে দাবি করেন তিনি। এটিকে দেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য ভয়ংকর দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন সারজিস।
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ পঞ্চগড় জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী কর্মশালায় অংশ নেন।