মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ইউনিয়নের আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা ও উজির আলীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় দুই পক্ষের মধ্যে গুলি ছোড়াছুড়ি হলে আটজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধরা হলেন— শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে গুরুতর আহত সোহেল ও লিটনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, গুলিবিদ্ধ অবস্থায় এ পর্যন্ত আটজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সবাই মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকার বাসিন্দা। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “এ ধরনের ঘটনার খবর আমাদের কাছে এখনও আসেনি। খোঁজখবর নেয়া হচ্ছে।”