মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে নারীকে দিয়ে এক অটোচালককে অমানবিক নির্যাতনের ঘটনায় মূল হোতা মোজাম্মেল মাদবরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে টঙ্গিবাড়ী থানায় আনা হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনার সূত্রপাত হয় হাঁস কেনা-বেচা নিয়ে বিরোধ থেকে। টঙ্গিবাড়ী উপজেলার মধ্য সোনরং গ্রামের অটোচালক হৃদয় স্থানীয় নুর নাহারের কাছ থেকে তিনটি হাঁস ক্রয় করেন। এর মধ্যে দুটি হাঁস অসুস্থ থাকায় সেগুলো ফেরত দিয়ে টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নুর নাহার সন্ত্রাসী হিসেবে পরিচিত মোজাম্মেলের কাছে বিষয়টি জানায়।
এ নিয়ে গত ২৯ আগস্ট হৃদয়কে তার বাড়ি থেকে ধরে টঙ্গিবাড়ী থানা লিগ্যাল যুব সংঘের একটি ঘরে নিয়ে যায় মোজাম্মেলসহ কয়েকজন সহযোগী। সেখানে সহযোগী মিরাজ হৃদয়ের দুই হাত ধরে রাখে এবং নুর নাহার লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটায়। এতে গুরুতর আহত হন হৃদয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ক্লাব তালাবদ্ধ করে দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মিরাজকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।
ভুক্তভোগী হৃদয় জানান, হাঁস ফেরত নিয়ে টাকা চাইতেই তাকে নির্যাতনের শিকার হতে হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানায়, সামাজিক সংগঠনের ব্যানারে মোজাম্মেল দীর্ঘদিন ধরে এলাকায় বিচার-শালিসের আড়ালে চাঁদাবাজি ও নানা অপকর্ম চালিয়ে আসছিল। নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। তাকে গ্রেফতার করা হলেও মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।