মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামে সরকারি জমি আত্মসাতের অভিযোগে তীব্র সংঘর্ষের ছায়া নেমেছে। অভিযুক্ত ইউনুছ শেখের বিরুদ্ধে অভিযোগ, তিনি জাল দলিল তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাসরত মরিয়ম বেগম ও তার পরিবারের জমি নিজের নামে করার চেষ্টা করছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ৩৬ বছর আগে নদী ভেঙে যাওয়ায় মরিয়ম বেগম ও তার সৎ ভাই ইউনুছ শেখ সরকারি জমিতে বসতি স্থাপন করেন। দীর্ঘ সময় ধরে তারা শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করলেও হঠাৎ করে ইউনুছ শেখ জাল দলিল দেখিয়ে তাদের ঘর ছাড়তে চাপ দিচ্ছেন।
মরিয়ম বেগম বলেন, “আমাদের ঘর ছেড়ে গেলে কোথায় যাব? স্বামী নেই, নিজের কোনো জমি নেই। ছেলে নিয়ে কষ্টে সরকারি জমিতে বসবাস করছি। এখন হঠাৎ করে আমার সৎ ভাই ও তার ছেলে আমাদের হুমকি দিচ্ছে।”
তার মেয়েও অভিযোগ করেন, “মামা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে এই জমি ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন।”
প্রতিবেশী বাশার মোল্লা বলেন, “ইউনুছ শেখের কাছে জমির কোনো বৈধ দলিল নেই। প্রভাবশালী এক দলিল লেখকের সহযোগিতায় তিনি জাল দলিল তৈরি করছেন।”
অভিযুক্ত ইউনুছ শেখ দাবি করেন, “আমার বাবা এই জমি ক্রয় করেছিলেন। আমরা দীর্ঘদিন ধরে বসবাস করছি।” তবে সাংবাদিকদের প্রশ্নে তিনি অন্য ভাই-বোনদের অংশ কোথায়, সে বিষয়ে কোনো জবাব দিতে পারেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ জানান, “ভুক্তভোগী অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া জমি বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়।