বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে গুমের শিকার ৭ পরিবারের স্বাবলম্বিতার জন্য রাজধানীর বংশালে একটি ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেছে দলটি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বংশালের নতুন চৌরাস্তা এলাকায় উদ্বোধন করা হয় ‘ফ্যাশন পার্ক’ নামে এই অনলাইন শপ ও শোরুম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুম হওয়া সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তারা বলেন, গুমের শিকার পরিবারগুলোই দেশের প্রকৃত নায়ক। সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার হবেই।
ইসহাক সরকার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের সহকর্মীরা এক দশকেরও বেশি সময় ধরে গুমের শিকার। আজও তাদের খোঁজ মেলেনি। অন্তত এই উদ্যোগের মাধ্যমে পরিবারগুলো ন্যূনতমভাবে বাঁচতে পারবে।” তিনি সবাইকে আহ্বান জানান, যাতে ক্রেতারা এখানে কেনাকাটা করে পরিবারগুলোর পাশে দাঁড়ান।
উদ্বোধনী অনুষ্ঠানে গুমের শিকার পরিবারের সদস্যরা তাদের হৃদয়বিদারক অভিজ্ঞতা তুলে ধরেন। পারভেজ হোসেনের স্ত্রী ফারজানা আক্তার বলেন, “প্রতিদিন অপেক্ষা করি, কিন্তু তিনি ফেরেন না। সন্তানদের নিয়ে একা জীবন চালাতে হচ্ছে।
আমরা শুধু ন্যায়বিচার চাই।” সেলিম রেজা পিন্টুর বড় ভাই ইসলাম রেজা বলেন, “মায়ের চোখের পানি এখনও শুকায়নি। সত্য প্রকাশ ও বিচার চাই।”
একইভাবে গুম হওয়া ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহেলের সাড়ে ১১ বছরের মেয়ে সাদিকা সরকার শাফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বন্ধুদের বাবা আছে, কিন্তু আমার বাবা নেই। আমি বিচার চাই।”
এছাড়া চঞ্চল কাজী, হাবিবুল বাসার জহির, সম্রাট মোল্লা ও খালেদ হাসান সোহেলের পরিবারও তাদের যন্ত্রণা তুলে ধরে ন্যায়বিচারের দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা। তাদের সবার একটাই দাবি—গুম হওয়া পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে আর কোনো পরিবার যেন একই যন্ত্রণা ভোগ না করে।