ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিট করা এক ছাত্রীকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারা দেশে নারী নেত্রীদের ওপর চলমান সাইবার বুলিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্টের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। এ ছাড়া ঢাকার কলেজ-বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীরাও কর্মসূচির আয়োজন করেন।
নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
কর্মসূচিতে প্রতিবাদী বক্তব্যের পাশাপাশি নারী নেত্রীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে লেখা ছিল—‘আর কত জাস্টিফাই, এবার তোদের রক্ষা নাই’, ‘নারীকে সম্মান করো, মানুষ হও’, ‘হেনস্থা করে যে, সে তো শিবির’, ‘নিপীড়কের ঠিকানা, এই দেশে হবে না’, ‘নারী তুমি ভয় পেও না, শক্তি যোগাও জয় হবেই’, ইত্যাদি।
ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে এবং জুলাই আন্দোলনের মতো গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখসারিতে থেকেছেন। তারপরও আজ তাদের বিরুদ্ধে সাইবার বুলিং, বডি-শেমিংসহ নানান হীন প্রচেষ্টা চালানো হচ্ছে, যা কেবল নারীদের অগ্রযাত্রাকেই বাধাগ্রস্ত করছে না, বরং সামগ্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করছে।
বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এর আগে মঙ্গলবারও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতন, ধর্ষণ, সাইবার বুলিং এবং বিচারহীনতার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন হয়েছে। ছাত্রদল নেতারা বলেন, নারী জাগরণ কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না—লড়াই চলবেই।