অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে প্রকাশিত পিলখানা হত্যাকাণ্ডের প্রামাণ্যচিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন, ডকুমেন্টারিটি গাড়িতে বসে আবার দেখছিলেন, আর শুরুতেই জেনারেল শাকিলের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন শুনে গা শিউরে ওঠে। তার ভাষায়,
“এর চেয়ে বড় কোনো বেঈমানি কী হতে পারে আমার জানা নেই।”
তিনি লিখেছেন,
“র্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি—বলে কাউকেই পাঠানো হলো না। বরং আয়োজন করে ৫৭ জন অফিসারকে ঠেলে দেওয়া হলো নিশ্চিত মৃত্যুর দিকে। প্রশ্ন জাগে, এর পেছনে সেনাবাহিনীর প্রতি তার রোগগ্রস্ত ঘৃণাই কি কাজ করেছে?”
ফারুকী আরও বলেন, এসব দেখে মনে হয় ভবিষ্যতে যেই হেড অব দ্য গভর্নমেন্ট হবেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘থার্টি সিক্স আওয়ার্স অব বিট্রেয়াল’।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রেস উইং জানিয়েছে, ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিকভাবে নির্মিত হচ্ছে একাধিক প্রামাণ্যচিত্র। এর অংশ হিসেবেই মুক্তি পেয়েছে পিলখানা হত্যাকাণ্ডভিত্তিক এই ডকুমেন্টারি।
বিবৃতিতে আরও বলা হয়, ২০০৯ সালের ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক ভয়াল সন্ধিক্ষণ, যেখান থেকেই উত্থান ঘটে ফ্যাসিবাদের, আর শুরু হয় ১৬ বছরের পরাধীনতার অধ্যায়।