বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের রক্ষা করা বিএনপির কাজ নয়, বরং তাদের বিচারের মুখোমুখি করা জরুরি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন,
“জাতীয় পার্টির অতীত কর্মকাণ্ড প্রমাণ করে এটি ভারতের রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল—সেটাই বড় প্রশ্ন।” তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি বিএনপির ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীকে গুম ও নির্যাতনে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে। তিনি স্পষ্ট করে বলেন, “ফ্যাসিবাদের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশের সম্পদ লুট করে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী দাবি করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায়। তবে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এটিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।