মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতা হিসেবে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এ অনুদান তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, “মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা সমাজে কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। তাই ইসলামের আলোকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনই তাদের চূড়ান্ত লক্ষ্য, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে।
ঢাকা মহানগরী উত্তরের আমির বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ অনুদান দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই অর্থ ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় কাজে লাগবে এবং জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। একইসাথে তিনি কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য চর্চায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান কবির স্বাগত বক্তব্য দেন। বনানী থানা জামায়াতের আমির মিজানুর রহমান খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. হাসানুল বান্না, ডা. আ. সালাম, ডা. আব্দুল্লাহ ইউসুফ জামিল তিহান, ডা. শরিফুল ইসলাম, ডা. মিনহাজ উদ্দিনসহ অনেকে। হাসপাতাল কর্তৃপক্ষ অনুদান গ্রহণ করে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন, এই ধরনের সহযোগিতা ক্যানসার রোগীদের উন্নত চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।