ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার দাবি করেছে ২২টি রাজনৈতিক দল। সোমবার (১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব দল একসঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় উপস্থিত ২২টি রাজনৈতিক দল এক কণ্ঠে ফ্যাসিবাদী শক্তির বিচার দাবি জানায়।
গৃহীত পাঁচটি সিদ্ধান্ত হলো—
১। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ।
২। ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেফতার।
৩। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা।
4। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার।
৫। নুরুল হক নুর ও অন্যান্য নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী সংহতি সমাবেশ।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বহু নেতাকর্মী আহত হন।
গণঅধিকার পরিষদের দাবি, জাপার নেতাকর্মীরাই প্রথমে তাদের মিছিলে হামলা চালায়। তবে জাপার পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণঅধিকার পরিষদের কর্মীরাই তাদের অফিসে হামলা চালিয়েছে।
সেদিন রাতেই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, রাত সাড়ে ৯টার দিকে তারা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালায়। এতে সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন এবং আরও শতাধিক নেতাকর্মী জখম হন। নুরুল হকসহ অন্তত ছয়জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।