ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের পেছনে তিনজনকে দায়ী করেছেন আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত। সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নাম উল্লেখ করে এ অভিযোগ তোলেন।
এর আগে ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশকে স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। ফলে ডাকসু নির্বাচন আয়োজনে আর কোনো বাধা থাকছে না। এর আগে বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গণির বেঞ্চ নির্বাচনটি ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেন বামজোট সমর্থিত প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলম। তিনি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাফে সালমান রিফাত ফেসবুকে দেওয়া তার পোস্টে লেখেন,
“ফাঁদটা খুব মেটিকুলাস। মেয়েটা (বি এম ফাহমিদা আলম) রিট করেছেন ছাত্রলীগের অর্নির হেল্প নিয়ে, নিঝুম মজুমদারও হেল্প করেছেন। শাহরিমা তানজিন অর্নি হচ্ছেন ল ডিপার্টমেন্টের টিচার, ছাত্রলীগে সাদ্দামের অনুসারী ছিলেন।”
তিনি আরও যোগ করেন,
“ঢাবিতে গ্যাঞ্জাম, ফ্যাসাদ সৃষ্টি করতে পারলে আওয়ামী ডিজাইন সাক্সেসফুল। অলরেডি দেশের অন্য একাধিক বিশ্ববিদ্যালয়ে ঠুনকো কারণে গ্যাঞ্জামের আগুন লাগছে। সবার মাথা ঠান্ডা রেখে দৃঢ়পদে সঠিক সিদ্ধান্ত নেওয়াই এখন সবচেয়ে অপটিমাম সলিউশন।”