সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা:
গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাবের (জিবিএইচসি) আয়োজনে “One big family, driven by hope” প্রতিপাদ্যের আলোকে বিশ্ব ওভারডোজ সচেতনতা দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় গণসচেতনতা তৈরীর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে বাদাম তলায় শেষ হয়।
এ সময় ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ বলেন,”ওষুধ জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও ভুল ব্যবহার এটিকে বিষে পরিণত করতে পারে। অতিরিক্ত মাত্রা বা ওভারডোজে মাথা ঘোরা, অজ্ঞান হওয়া, শ্বাসকষ্ট, খিঁচুনি এমনকি মৃত্যুও ঘটতে পারে।
তাই আমি শিক্ষার্থীদের বলি— “Every drug is a potential poison, if not used properly.” ফার্মাসিস্টরা রোগীকে সঠিক ডোজ, সময় ও নিয়মে ওষুধ সেবনের নির্দেশ দেন এবং জনগণকে অপব্যবহার, ওভারডোজ ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে সচেতন করেন। সঠিক নিয়ম মানলে ওষুধ জীবন বাঁচায়, আর অসচেতনতায় সেটিই হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ।”
জিবিএইচসি এর সভাপতি ফারিয়া হক বর্ষা বলেন, “ওভারডোজ হলো যখন কোনো ওষুধ প্রয়োজনের বেশি অথবা নেশাজাতীয় দ্রব্য বা ড্রাগ গ্রহণ করি, তখন আমাদের শরীর তা সহ্য করতে পারে না অর্থাৎ জীবন ঝুঁকির মুখে পড়ে।
এই ঝুঁকিতে প্রতি মিনিটে হাজারো মানুষ প্রাণ হারাচ্ছে, সেটা হতে পারে আপনার বন্ধু, সহপাঠী বা আপনার প্রিয়জন। আমাদের সবাইকে সচেতন হতে হবে, অতিরিক্ত ওষুধ না খাওয়া থেকে,
চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকা। আমরা যদি নিজেরা সচেতন হই এবং অন্যদের সচেতন করি, তাহলে আমরা হাজারো মানুষের প্রাণ বাঁচাতে পারবো।”
এ সময় আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ক্লাবের সদস্যগণ
শুভাকাঙ্ক্ষীরা।