জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও ষড়যন্ত্রমূলক তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
রোববার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, “এক বছর আগেই সতর্ক করেছিলাম— আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠবে। এখন জনগণ নিজেরাই লক্ষ্য করছেন, নির্বাচন বানচালে সেই অশুভ শক্তির অপতৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে।”
তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারই জবাবদিহি নিশ্চিত করতে পারে।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে, তখন কিছু রাজনৈতিক দল নানা শর্ত আরোপ করে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। এটি জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের চক্রান্ত বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি সব সময় দ্রুততম সময়ে নির্বাচনের দাবি জানিয়ে আসছে উল্লেখ করে তারেক রহমান বলেন, “জনগণ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে, আর জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জনগণই সরকার পরিবর্তন করবে— এটি গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক প্রক্রিয়া।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।