গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আট বছরেও নুরের ওপর এত ভয়ঙ্কর ও ন্যক্কারজনক হামলা হয়নি, যতটা হয়েছে বর্তমান সময়ে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বামীর খোঁজ নিতে এসে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি নুরের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার দাবি জানান।
মারিয়া নুর বলেন, “আমার জীবন পুরোপুরি ভিন্ন। মিডিয়ার সামনে আসার অভ্যাস নেই। কিন্তু স্বামীর অবস্থা দেখে বাধ্য হয়েছি। ৩০ তারিখ যখন ঘটনা ঘটে, আমি সরাসরি লাইভে দেখছিলাম। বিশ্বাসই করতে পারছিলাম না, স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না।”
তিনি জানান, নুরের মাথা, নাক, চোয়াল এবং মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। “ডাক্তাররা বলছেন, ৩৬ ঘণ্টা পর্যবেক্ষণের পর কিছু বলা সম্ভব হবে। যদিও তার জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা আশঙ্কামুক্ত নয়। ৭২ ঘণ্টা না গেলে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।”
আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়েও ডাকসু নির্বাচনসহ নানা হামলার শিকার হয়েছে নুর। কিন্তু তখনও এভাবে নৃশংসভাবে তাকে টার্গেট করে আঘাত করা হয়নি। বর্তমানে ফ্যাসিস্টমুক্ত সময়ে প্রশাসনের ছত্রচ্ছায়ায় এমন ঘটনা হবে— এটা ছিল একেবারেই কল্পনাতীত।”
দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করছি, নুরের জন্য দোয়া করবেন। যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। পাশাপাশি আমি চাই, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক।”