ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যে কোনো পরিস্থিতিতেই অনুষ্ঠিত হতে হবে, এ নিয়ে কোনো টালবাহানা বরদাশত করা হবে না।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভাসানী জনশক্তি পার্টির গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বাবলু বলেন,
“গত ১৬ বছর কীভাবে একটি ফ্যাসিস্ট সরকার দেশ চালিয়েছে, সেটা আমরা সবাই জানি। গুম, খুন, দমননীতি আর দুর্নীতির মাধ্যমে তারা দেশকে এক অন্ধকার অধ্যায়ে ঠেলে দিয়েছিল। জনগণের সহযোগিতায় আমরা সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। এখন গণতন্ত্র মঞ্চ ও বিএনপি মিলে যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের মাধ্যমেই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।”
এ সময় তিনি ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে ঢাকা-১৭ আসনে ভাসানী জনশক্তি পার্টির প্রার্থী হবেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
গণজমায়েতে সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব মো. হারুন অর রশিদ। এ ছাড়া বক্তব্য রাখেন দলের মহাসচিব আবু ইউসুফ সেলিম, মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মো. আবদুল কাদের আলমাস, প্রেসিডিয়াম সদস্য পারভীন নাসের খান ভাসানী, আমিনুল ইসলাম সেলিম, বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মেহেদি হাসান তপন তালুকদারসহ অন্য নেতৃবৃন্দ। গণজমায়েতে ভাসানী জনশক্তি পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।