গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জামায়াতের একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. তাহের বলেন,
“অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনের ভেতরে ও বাইরে থাকা আওয়ামী দোসরদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ডা. এসএম খালিদুজ্জামানসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ।