গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ও হামলায় গুরুতরভাবে আহত করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৩০ আগস্ট) বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে। সকালে জামায়াতের পক্ষ থেকে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রতিবাদী এ বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম।
জামায়াত নেতারা অভিযোগ করেছেন, নুর ও তার সহকর্মীদের ওপর এ হামলা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশ নিলেও তাদের ওপর অন্যায়ভাবে দমন-পীড়ন চালানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহত নুরকে ঢামেকে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।