রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষের সময় তাকে নির্মমভাবে পেটানো হয়। পরে তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার রাতে নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল। হাসপাতালে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এসময় গণঅধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমদ খান, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবিব, মজলিসে শুরা সদস্য মেসবাহ উদ্দিন প্রমুখ।
নুরের শারীরিক অবস্থা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। একইসঙ্গে এ ধরনের সহিংস হামলার নিন্দা জানিয়ে ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে একাত্ম থাকার প্রত্যয় ব্যক্ত করেন।