জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে সংবিধানের দোহাই দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে, সেই সংবিধান দিয়ে আর নির্বাচন হতে পারে না। তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, “আপনি নিয়ম পরিবর্তন করে এর আইনগত ভিত্তি দিন, আগামী মাসেই নির্বাচন করুন—সে নির্বাচনে আমাদের কোনো আপত্তি থাকবে না। এজন্য দরকার নতুন সংবিধান।”
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুরে এনসিপি আয়োজিত উঠানে রাজনীতি শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, হাসিনার আমলে মানুষ ভোট দিতে পারেনি। কেউ ভোট দিতে পারলেও পুরো বইয়ে সিল মেরে দিয়েছে। এমনকি মৃত ব্যক্তিরাও কবর থেকে উঠে এসে ভোট দিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “ওই নির্বাচনী খেলায় আওয়ামী লীগের পক্ষে রেফারি গোল দিয়েছে, ওসি ভোট কাটার ব্যবস্থা করেছে আর ইউএনও রেজাল্ট ঘোষণা করেছে। এমন নির্বাচন আর আমরা চাই না। এখন নির্বাচন দরকার, তবে নির্বাচনের নিয়ম বদলাতে হবে।”
তিনি আরও বলেন, শুধু দারোয়ান পরিবর্তন করলে হবে না, বাড়ির ভাঙা দরজা-জানালাও ঠিক করতে হবে। দেশের অবস্থা ঠিক তেমন—প্রতি পাঁচ বছর পর নতুন দারোয়ান আনা হলেও ধান্দাবাজি আর চাঁদাবাজি ঠেকানো যায়নি। তাই এবার মূল কাঠামো সংস্কার জরুরি।
সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা এনসিপির আহ্বায়ক জামাল মোহাম্মদ কবির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এমএস সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য ডা. মাহমুদা আলম মিতু ও জাতীয় যুব শক্তির সংগঠক নাজমুল হাসান নাহিদ। এছাড়াও উপজেলা কমিটির সদস্য রায়হান সিদ্দিকী, জাহাঙ্গীর আলম ও আমির হোসেন বক্তব্য রাখেন।