সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে বাদাঘাট এলজিইডি সড়কের দু’পাশ থেকে রাতের আঁধারে একের পর এক গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত এক সপ্তাহের ব্যবধানে ৪৮টি মূল্যবান মেহগনি, লাটিম ও রেইনট্রি গাছ কেটে নিয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের সড়ক থেকে সূর্যেরগাও গ্রামের পূর্বপাশ হয়ে টাকাটুকিয়া ব্রিজ পর্যন্ত সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে লাগানো নানা ধরনের গাছ লাগানো রয়েছে।
হাওরবেষ্টিত এই সড়কের মাটি রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন ধরে পথচারীদের ছায়া দিয়ে আসছিল এসব গাছ। গাছগুলোর বয়স হবে ১৫ থেকে ২০ বছর। সম্প্রতি রাতের অন্ধকারে গাছ কেটে নিয়ে যাওয়ায় সড়কের নিরাপত্তা ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।
দক্ষিণ বড়দল ইউনিয়নের ইউপি সদস্য ও টাকাটুকিয়া গ্রামের বাসিন্দা জহুর আহমেদ বলেন, বিগত বছরেও গাছ কাটা হয়েছে। তবে এ বছর আগের চেয়ে অনেক বেশি গাছ কেটে নিয়ে যাচ্ছে দুবৃত্তরা। এখনই প্রশাসন ব্যবস্থা না নিলে শিগগিরই সড়কের সব গাছ উধাও হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, সংবাদ পেয়েই আমি সরেজমিনে গিয়ে দেখেছি। কারা গাছ কেটে নিচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।
তাহিরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুর রহমান জানান, বিষয়টি নিয়ে অনেকেই আমাকে অবহিত করেছেন। সত্যি এটা দুঃখজনক। দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, “আমি উপজেলায় নতুন এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।