রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার পর তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছান এবং নুরের চিকিৎসার খোঁজখবর নেন।
এর আগে সন্ধ্যায় বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।
প্রাথমিকভাবে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। দলটির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎ করে হামলা চালানো হয়, যার ফলে নেতাকর্মীরা গুরুতরভাবে আহত হয়েছেন।
অন্যদিকে পুলিশ জানায়, গণঅধিকার পরিষদের কর্মীরা সড়কে ইটপাটকেল নিক্ষেপ ও আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে। সংঘর্ষের কারণে দীর্ঘসময় এলাকায় আতঙ্ক বিরাজ করে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সেখানে নুরসহ আরও বেশ কয়েকজন রক্তাক্ত হন।
খবর পেয়ে দ্রুত সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ চলে এবং আশপাশের এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে।