রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, নুরকে ইসলামি ব্যাংক হাসপাতাল থেকে স্থানান্তর করা হচ্ছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খান লেখেন, “নুর ভাইয়ের অবস্থা খুবই গুরুতর। তাকে দ্রুত ট্রান্সফার করা হচ্ছে। রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন করা হবে।”
এর আগে শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। রাত সোয়া ৮টার দিকে সংঘর্ষে নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। রক্তাক্ত অবস্থায় নুরকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সংঘর্ষের সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালান। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালান। রাত ৯টা পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করে এলাকায়।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। তবে সংঘর্ষের ঘটনায় পুরো কাকরাইল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গণঅধিকার পরিষদ নেতারা অভিযোগ করেছেন, তাদের ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, উভয়পক্ষের সংঘর্ষ থামাতেই তারা হস্তক্ষেপ করেছে।