সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা:
সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে আরও ৪৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) মনোনয়ন বিতরণ শেষে প্রধান রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক মো. আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৬ আগস্ট থেকে শুরু হওয়া মনোনয়ন বিতরণের প্রথম দিনেই ১৩ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন ৩০ জন এবং তৃতীয় দিন রেকর্ড ৪৪ জন ফরম নেন। তিন দিনে মোট ফরম সংগ্রহ করেন ৮৭ জন প্রার্থী।
তিনি জানান, শেষদিনে (২৮ আগস্ট) ১১টি পদের বিপরীতে মোট ৪৪টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২জন, ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সহ–ক্রীড়া সম্পাদক পদে ৩ জন,
সাহিত্য সম্পাদক পদে ১ জন, সহ–সাহিত্য সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৫ জন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ৫ জন এবং কার্যনির্বাহী পদে ১৬ জন মনোনয়ন সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম বিতরণ নিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা সহকারী অধ্যাপক মো. আবু রায়হান জানান, “মোট ৮৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যারা মনোনয়ন নিয়েছে, তারা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছে এবং যদি নির্বাচিত হন, শিক্ষার্থীদের জন্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
পড়াশুনার পাশাপাশি নেতৃত্ব ও অন্যান্য গুণাবলী অর্জন করার বিষয়টি তারা উপলব্ধি করছে। আমাদের প্রত্যাশা ছিল ১০০-এর মত ফরম যাবে, ৮৭ সংখ্যাটিও কাছাকাছি।
যাচাই-বাছাইয়ের পর আগামী ৩১ আগস্ট থেকে ফরম জমা নেওয়া হবে। আমরা চাই সকলে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত পদে আসুক। শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে আমরা আশাবাদী, এবারের নির্বাচন উৎসবমুখর, অবাধ ও শান্তিপূর্ণ হবে।”
নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র গ্রহণ করা হবে ৩১ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলবে।
৮ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর প্রার্থীর আপত্তি গ্রহণ ও শুনানি চলবে দুপুর ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।